ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রমজানে স্কুল খোলা রাখা নিয়ে আইনি টানাপড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ছুটির নতুন ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার এক সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯শে ফেব্রুয়ারি থেকে ২৬শে মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটির পর আগামী ২৯শে মার্চ রবিবার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাস ছাড়াও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই ছুটি কার্যকর হবে। মূলত রমজানের শুরু থেকে ঈদের ছুটি পর্যন্ত এই লম্বা সময় শিক্ষার্থীরা বিরতি পাচ্ছে।
২৭ ও ২৮শে মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় স্কুলগুলো মূলত ২৯শে মার্চ খুলছে।
এর আগে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছিল। গত ১৪ই ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে রমজানের শুরু থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
গত সোমবার (১৬ই ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করলে রমজানে স্কুল খোলা রাখার পথে কোনো আইনি বাধা ছিল না। তবে জনআকাঙ্ক্ষা এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব বিবেচনা করে আজ বুধবার মন্ত্রণালয় নিজেই ছুটির সূচিতে বড় ধরনের সংশোধন আনল।
এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে থাকা দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।