ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ,ন,ম, এহসানুল হক মিলন । তিনি বলেন, শিক্ষকদের আর্থিক সুবিধা অন্য চাকরির স্কেলের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়; বরং তাদের জন্য পৃথক বেতন কাঠামো থাকা প্রয়োজন।
সোমবার দুপুরে ময়মনসিংহ এর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ মন্তব্য করেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সহায়তা অন্য পে-স্কেলের সঙ্গে তুলনামূলকভাবে নির্ধারণ করা ঠিক হবে না। কারণ এভাবে তুলনা করলে বিভিন্ন সময় তুলনামূলক দাবি, মামলা ও আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়।
তিনি আরও বলেন, তার মতে শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল গঠন করা উচিত, যা অন্যান্য চাকরির বেতন কাঠামো থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। বেতন বেশি বা কম— সেটি মূল বিষয় নয়, বরং শিক্ষকদের জন্য পৃথক কাঠামো থাকাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট ও ধরে রাখতে শিক্ষকদের আর্থিক ও পেশাগত অবস্থার উন্নয়ন প্রয়োজন।