নিজস্ব প্রতিবেদক
রবিবার (৮ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের নতুন জাতীয় পে-স্কেলের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, নতুন পে-স্কেলের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের যে ব্যবধান ছিল, তা দূর করে সবাইকে একই কাঠামোর অন্তর্ভুক্ত করা হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ বছর সরকার সর্বাধিক বাজেট পেয়েছে এবং সবাই নতুন পে-স্কেল পেয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে কিছুটা পিছিয়ে ছিলেন, তা দূর করে সবাইকে একই পে-স্কেলের আওতায় আনা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৃজনশীলতার মধ্য দিয়ে আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে।
গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যে বাংলাদেশের ৩৪৭ জন স্থান পেয়েছেন। তাদের নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে গবেষণায় চৌর্যবৃত্তির সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষকদের নিয়ে কাজ করতে চায় সরকার।
নবীন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি উচ্চশিক্ষা ও পিএইচডি গবেষণায় যুক্ত হতে হবে। এ সময় তিনি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।