নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (৯ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের মণিহার ও চাঁচড়া মোড়ের দীর্ঘদিনের যানজট নিরসনে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬ হাজার ৬২৬ কোটি ৭৩ লাখ টাকার সমন্বিত মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। আধুনিক ট্রাফিক ব্যবস্থার আওতায় পুরো শহরকে নিয়ে আসতে নতুন ৬ লেন মহাসড়ক ও ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
পদ্মা সেতু ও মধুমতী সেতু চালুর পর কালনা পয়েন্ট দিয়ে দূরত্ব ১১৩ কিলোমিটার কমেছে। এবার নতুন ৬ লেন ও ফ্লাইওভার চালু হলে ঢাকার সায়েদাবাদ বা পোস্তগোলা থেকে সরাসরি যশোরে পৌঁছানো যাবে। আরবপুর মোড় থেকে চাঁচড়া পর্যন্ত নির্মিত হচ্ছে আধুনিক ফ্লাইওভার এবং ২ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাস। ফলে ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে গাড়ি আটকে থাকার ভোগান্তি আর থাকবে না।
৪৭.৪৮ কিলোমিটার ঝিনাইদহ-যশোর মহাসড়কটি ৪টি মূল এক্সপ্রেস লেন এবং দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য ২টি আলাদা সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীত করা হচ্ছে। এই প্রকল্পের ফলে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকগুলো যশোর শহরের যানজটে না পড়ে সরাসরি ঢাকায় যাতায়াত করতে পারবে। এতে পরিবহন সময় প্রায় ৫০ শতাংশ কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, জমি অধিগ্রহণ ও ইউটিলিটি সরানোর কাজ শেষ হয়েছে। বর্তমানে মূল অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে চলছে। এই মেগাপ্রকল্প বাস্তবায়িত হলে যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও খুলনার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।