ফরিদ আহমেদ , ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-কোনাঘাট সড়কের কাঠালবাগান এলাকার ঝুঁকিপূর্ণ অংশ নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁর এ উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর থেকে কড়ইকান্দি ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম শ্যামগ্রাম-কোনাঘাট সড়ক। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। কয়েক বছর আগে কোনাঘাট থেকে শ্যামগ্রাম পর্যন্ত সড়কটিতে কার্পেটিং করা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। বিশেষ করে শ্যামগ্রামের কাঠালবাগান এলাকায় অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় সড়কের ভাঙাচোরা অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অন্যদিকে শুকনো মৌসুমে ধুলাবালিতে বাড়ে দুর্ভোগ। এ নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন শফিকুল ইসলাম। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পুরো সড়কের স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
শফিকুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কাঠালবাগান এলাকার ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের কথা বিবেচনা করে নিজের সামর্থ্য অনুযায়ী সড়কটির ওই অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে বড় বিষয়। তবে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এগিয়ে আসা প্রয়োজন।’
স্থানীয় পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। কাঠালবাগান এলাকার অংশটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। তখন চলাচল করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। শফিকুল ইসলাম নিজ উদ্যোগে সংস্কারের কাজে এগিয়ে আসায় আমরা খুশি। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
সিএনজিচালক আলমগীর হোসেন বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রী নিয়ে চলাচল করি। কাঠালবাগান এলাকার ভাঙা অংশ দিয়ে গাড়ি চালাতে অনেক সমস্যা হয়। গর্ত এড়িয়ে চলতে গিয়ে ঝুঁকি নিতে হয়। এতে গাড়িরও ক্ষতি হয়, যাত্রীদের দুর্ভোগ বাড়ে। রাস্তাটি সংস্কার করা হলে আমাদের চলাচল অনেক সহজ হবে।’
স্থানীয়দের দাবি, শ্যামগ্রাম-কোনাঘাট সড়কটি নবীনগরের সঙ্গে কড়ইকান্দি ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই শুধু কাঠালবাগান এলাকার ঝুঁকিপূর্ণ অংশ নয়, পুরো সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে দ্রুত টেকসই সংস্কারের উদ্যোগ নিতে হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এ পথে চলাচলকারী হাজারো মানুষ।