অভয়নগর (যশোর) প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬, বিকেল ৪টা ৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজটি ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি দ্রুত নদীতে ডুবে যায়। স্থানীয়রা বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফ গোলাম রাব্বি বলেন, “ভোরে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ উল্টোপথে এসে আমাদের বাল্কহেডের বামপাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়।”
তিনি আরও জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালু নিয়ে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাচ্ছিল।
উদ্ধার তৎপরতা শুরু
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, “ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”