নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নিয়োগসংক্রান্ত একাধিক মামলার জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এসব পদ পূরণ করা সম্ভব হচ্ছে না।
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ হাজার ৫০০, ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব মামলার জটিলতা নিরসনে কাজ করা হচ্ছে, তবে অ্যাপিলেট ডিভিশনে মামলাগুলো কজলিস্টে না আসায় অগ্রগতি হচ্ছে না।
তিনি আরও জানান, শুধু প্রাথমিক বিদ্যালয় নয়, এনটিআরসিএর আওতায় কলেজের প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-নৈশপ্রহরী নিয়োগও মামলার কারণে আটকে রয়েছে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া স্থবির থাকায় অনেক শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন। ফলে শূন্য পদের সংখ্যা ক্রমেই বাড়ছে।