ইবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।
মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-অধিকর্তা এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খান আজহারী। এতে ছাত্রদলসহ বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন এবং তার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পুরো দেশ আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। আমরা প্রতিদিনই আন্তরিকভাবে তার সুস্থতার জন্য দোয়া করছি। ছাত্রদলের উদ্যোগে আজ দোয়া মাহফিল হয়েছে, এর আগে প্রশাসন ও শিক্ষক সমাজও দোয়া করেছেন। সবাইকে আহ্বান জানাবো—নিজ নিজ জায়গা থেকে তার জন্য দোয়া অব্যাহত রাখুন।”
এছাড়াও তিনি ইমামকে প্রতিটি ওয়াক্তের নামাজের পর তার আরোগ্য কামনায় দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। হৃদ্রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।