ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতিকে কেন্দ্র করে বামপন্থী তিন সংগঠনের একাংশ সভাস্থল ত্যাগ করে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভা শুরু হয়। শুরু হওয়ার কিছুক্ষণ পরই সভা থেকে বেরিয়ে যান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) এবং জাসদ ছাত্রলীগ-বিসিএলের নেতারা।
সভা ত্যাগকারীদের মধ্যে ছিলেন—ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, এবং বিসিএল সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সভাস্থল ত্যাগ করে ছাত্র ইউনিয়ন (একাংশ) সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী একটি সংগঠন ঢাবিতে কার্যক্রম চালানোর অধিকার রাখে না। অথচ তাদের বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না। প্রশাসনের কাছে আমরা এ বিষয়ে পরিষ্কার জবাব চাই।”
এদিকে সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “ডাকসুর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ছাত্রসংগঠনকে সমঅধিকার নিশ্চিত করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া পূর্ণাঙ্গ ডাকসু গঠন সম্ভব নয়।”