মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ
সিসিআর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ অনুষ্ঠান। ২৮ নভেম্বর কলেজের নজরুল মঞ্চের পেছনে তাঁর বন্ধুদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বন্ধুর জীবনের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ‘হলুদ ছোঁয়া’ নামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন সহপাঠীরা। অনুষ্ঠানে হলুদ ও বাসন্তী রঙের পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন শিক্ষার্থীরা। পাশাপাশি কলাপাতার নান্দনিক সাজসজ্জা, গাঁদা ফুল, রঙিন বেলুন ও বাহারি আলোকসজ্জায় তৈরি করা হয় উৎসবের আবহ।
অনুষ্ঠানে লাবণ্যকে হলুদ সাজে সাজিয়ে তোলেন তাঁর বন্ধুরা। এ সময় নাচ-গান, আনন্দ-আড্ডা, খাওয়াদাওয়া ও কেক কাটাসহ নানা আয়োজন ছিল। বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা। কেউ দলীয় ছবিতে, কেউ আবার আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখেন।
আয়োজনটিতে ছেলেদের একটি অংশকে উজ্জ্বল সবুজ রঙের পাঞ্জাবি এবং মেয়েদের হলুদ ও বাসন্তী রঙের শাড়িতে দেখা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল বন্ধুত্ব, ভালোবাসা ও উৎসবের আবহ।
সহপাঠীর জীবনের বিশেষ দিনকে ঘিরে বন্ধুদের এমন উদ্যোগে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। শিক্ষার্থীদের কাছে ‘হলুদ ছোঁয়া’ হয়ে ওঠে বন্ধুত্বের বন্ধনে বাঁধা এক স্মরণীয় আয়োজন।