মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | বৃহস্পতিবার (১৯ নভেম্বর), দুপুর ১টা ৪১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা মজুমদার। তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (অফিস প্রধান) বিজন কুমার বালা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক স্বপন কান্তি মজুমদার।
বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ কর্মজীবনে চন্দনা মজুমদার মেধা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর স্নেহপূর্ণ আচরণ ও সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
একজন শিক্ষকের প্রকৃত অবদান শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চন্দনা মজুমদারের কর্মময় জীবনের এসব অবদান বিদ্যালয়ের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন থাকবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, “কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি সবার হৃদয়ে চিরজাগরুক থাকবে। দীর্ঘ শিক্ষকতা জীবনে বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক চন্দনা মজুমদারের অবসরজীবনের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।