খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর), বিকেল ৫টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল নোট দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক। রবিবার দুপুরে বাজারের এক নারী বিক্রেতাকে ১০০০ টাকার জাল নোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।
স্থানীয়রা জানান, ওই যুবক এক নারী বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে বিক্রেতার সন্দেহ হলে তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে ওই যুবকের মানিব্যাগ তল্লাশি করে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করেন।
খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮) এবং বাবার নাম রজ্জব আলী বলে জানান। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক এলাকার বাসিন্দা বলে দাবি করেন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, বাজারে লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে এবং টাকা ভালো করে দেখে নিতে হবে।
নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানান, জব্দ করা জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।