মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, বিকেল ৫টা ৪৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় অবৈধ পার্কিং ও তীব্র যানজট সৃষ্টির দায়ে ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও জনদুর্ভোগ কমাতে রবিবার সকাল ১১টার দিকে লোহাগাড়া থানার টিআই বোরহান উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও ট্রাফিক পুলিশ সূত্র জানায়, বটতলী মোটর স্টেশন এলাকায় নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। বিশেষ করে ঈগল পরিবহনের বাসগুলো সড়কের বড় অংশ দখল করে পার্কিং করায় ব্যস্ততম এই স্টেশনে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ ও উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্য করায় ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া স্টেশনের মহাসড়ক অংশে পার্কিং না করার জন্য সিএনজি ও অটোরিকশা চালকদের সতর্ক করা হয়।
এর আগেও একই অভিযোগে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঈগল সার্ভিসের তিনটি বাসকে জরিমানা করেছিল। এছাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরিবহনটির বেশ কয়েকটি বাস আটক করা হয়েছিল।
ট্রাফিক বিভাগ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।