জেলা প্রতিনিধি
শনিবার (২১ নভেম্বর), দুপুর ২টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনা জেলার শিরোমণি এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, “ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।