নিউজ ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, বিকেল ৪টা ৩৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্যসহায়তা বহনকারী গাড়িতে ড্রোন হামলায় তিনজন এবং জাবালিয়া আল-বালাদ এলাকায় সেনাদের গুলিতে একজন প্রাণ হারান।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন নিহত হন। আল-শিফা হাসপাতাল ওই ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ গ্রহণ করে।
এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ওই এলাকায় সামরিক অভিযানে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিস্তারিত কোনো তথ্য তারা দেয়নি। ঘটনার বিষয়ে মন্তব্য জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।