নিউজ ডেস্ক
বুধবার (১৮ নভেম্বর), দুপুর ২টা ১৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে কেমেরোভো প্রদেশের আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলাকায় আন্তোনভ এএন-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ শুরু করেছে।
প্রাথমিক তদন্ত ও রুশ সংবাদমাধ্যম ‘বাজা’-র প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে যায়। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে। জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে এবং এরপর একটি বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়। বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে এবং ঘটনাস্থলের দৃশ্যপট স্যাটেলাইট চিত্রের সাথে মিলেছে বলে নিশ্চিত করেছে।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।