নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনের অপেক্ষায় না থেকে আগাম পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে ইরান বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তেহরানও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বলে সতর্ক করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন—এই তিন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে, তাই তাদের উদ্দেশ্য নিয়ে তেহরান সতর্ক রয়েছে।
ঘারিবাবাদি বলেন, “ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে আটকে রাখা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।” তিনি দাবি করেন, আকাশ বা স্থলপথে অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্য অর্জনে সফল হয়নি। এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও তিনি জানান।
পারমাণবিক স্থাপনা পরিদর্শনে শর্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ঘারিবাবাদি। তিনি বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। তার দাবি, ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা করতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য ইরান সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরতের দাবি জানিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েনের বিষয়েও পদক্ষেপ চায় তেহরান।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পৌঁছেছে। অঞ্চলটিতে আগে থেকেই অবস্থান করা আরও দুটি রণতরির সঙ্গে এটি যুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানের আগাম জবাব দেওয়ার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।