নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রীকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার মোট ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, “সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আপিল করবো।”
রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একজন খালাস পেয়েছেন। মামলার প্রধান আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন। এরপর গত ৫ জানুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।