নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে চালকের সহকারী হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।
আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন বলেন, “আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এ ছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনাটি জেনেছি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।” বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।