নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২০২৬, সকাল ১১টা ৩৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা ও সড়ক অবরোধের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত ২১টি জেলায় এসব সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতাকর্মী এবং একজন বাসের হেলপার।
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন। এছাড়া মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন। একই রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় সিয়াম নামের এক হেলপার দগ্ধ হয়ে মারা যান।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, “কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন।” ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভোর ৪টার দিকে বাসে আগুন দিলে ভেতরে থাকা হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
সহিংসতার এসব ঘটনায় গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোয়েন্দা সূত্র জানায়, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ছক কষছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও পরিবহনকেন্দ্রে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনী।