রাজু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সোমবার সকাল ৯টা থেকে সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও সংশ্লিষ্টদের দেখা পাননি ভুক্তভোগীরা। পরে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত হতে দেখা যায়।
স্থানীয়রা জানান, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদে তখন কোনো কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেবা নিতে আসা মানুষ দীর্ঘ সময় ধরে পরিষদের বারান্দায় ও প্রাঙ্গণে অপেক্ষায় থাকেন।
ভুক্তভোগী কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে ইউনিয়ন পরিষদে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এ সময় পরিষদ প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের অপেক্ষারত অবস্থার একটি ভিডিও ধারণ করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে পরিষদের প্যানেল চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। দেরিতে উপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের মতো তৃণমূল পর্যায়ের সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।