জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ তথ্য সংসদকে অবহিত করেন।
স্পিকার জানান, ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। তিনি ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি গ্রহণ করেন। বিধিসম্মত হওয়ায় স্পিকার তা গ্রহণ করেছেন বলে সংসদকে জানান।
আসন শূন্য হওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হয়। সেই অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।