নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (১৮ নভেম্বর), ২০২৬ | রাত ৮:০৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ঘোষণা বহির্ভূত পণ্য নেওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে ৩২ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড ও রেজারের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। সম্প্রতি বন্দরের ৩ নম্বর গেটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, বন্দরের ১০ নম্বর শেডে আমদানি করা পণ্য খালাস শেষে বের হওয়ার সময় ভারতীয় একটি ট্রাকে সন্দেহজনক পণ্য দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি তল্লাশি করে পাঁচ কার্টন জিলেট ব্লেড ও রেজার পায়। আমদানি ম্যানিফেস্টে ঘোষিত পণ্যের সঙ্গে জব্দ করা পণ্যের মিল না থাকায় চালানটি আটক করা হয়।
বন্দর কর্তৃপক্ষের ম্যানিফেস্ট রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউবি ৫৭এ-৮৫৫৪। গত ১২ নভেম্বর চালানটির ম্যানিফেস্ট এন্ট্রি করা হয়, যেখানে পণ্যের বিবরণ দেওয়া হয়েছে ‘বোল্টিং ক্লথ অ্যান্ড আদার্স’। আমদানিকারক প্রতিষ্ঠান রুজহান এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক (প্রা.) লিমিটেড।
সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক প্রাইভেট লিমিটেডের মালিক মো. শাহজাহান বলেন, “অতিরিক্ত পণ্য সম্পর্কে আমি কিছু জানি না। এ বিষয়ে আমার পার্টনারের সঙ্গে যোগাযোগ করুন।” অন্যদিকে, পার্টনার ইকরামুল দাবি করেন, জব্দ করা পণ্য তাঁদের নয় এবং বিষয়টি কাস্টমস কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩ নম্বর গেট থেকে ভারতীয় ট্রাকটি আটক করা হয়। প্রাথমিকভাবে ৩২ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড ও রেজার পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। পণ্য পরীক্ষণ শেষে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও জানান, আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাক তল্লাশির সময় চালক পণ্যের কাগজপত্র আনার কথা বলে বন্দর থেকে পালিয়ে যান। বন্দরে বারবার এ ধরনের ঘটনায় নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।