নিউজ ডেস্ক
বুধবার (১৮ নভেম্বর), ২০২৬ | রাত ৮:০১
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একপ্রকার কূটনৈতিক ‘ছায়াযুদ্ধ’ চলছে। নয়াদিল্লি বর্তমানে হাসিনার নিরাপত্তা, তার দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশের বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থানের কারণে এক ত্রিমুখী সংকটে পড়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে ঢাকা ছেড়ে ভারতে পৌঁছান শেখ হাসিনা। এরপর থেকে ৭৯ বছর বয়সী এই নেত্রী কঠোর নিরাপত্তার মধ্যে অজ্ঞাত স্থানে বসবাস করছেন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া হাসিনা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। হাসিনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
নতুন সরকার প্রত্যর্পণের মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সামনে রেখেছে। এ বিষয়ে হাসিনার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি চান ঢাকা ও নয়াদিল্লি আলোচনার মাধ্যমে তার নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করুক। তবে নয়াদিল্লি তাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখলেও সম্মত কোনো গন্তব্য খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সামনে এখন বড় চ্যালেঞ্জ। এর মধ্যে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ঘনিষ্ঠতা নয়াদিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও যৌথ মহড়া নিয়ে আলোচনার বিষয়টি ভারতের কূটনৈতিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ভারত বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, যেহেতু হাসিনাকে বাংলাদেশই ভারতে পাঠিয়েছে, তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও তাদের। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য ও প্রভাব বিস্তারের এই লড়াইয়ে এখন নিরাপত্তা ও কূটনৈতিক কৌশলই প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। সূত্র-মানবজমিন
(লেখক একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দিল্লি স্কুল অব ইকোনমিকসের সাবেক শিক্ষার্থী। তিনি ভারতের সিভিল সার্ভিস ও প্রশাসনবিষয়ক প্রথম সাময়িকী ‘জিফাইলস’-এর সম্পাদক। এশিয়ান এইজে প্রকাশিত তার লেখার বাংলাদেশ অংশের অনুবাদ এটা)