নিউজ ডেস্ক
বুধবার (১৮ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৪০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে থানা ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এই সহিংসতায় পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন এবং এ সময় গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানায় হামলা চালায় এবং পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ত্যাগ করেন। জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও জিপসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে এবং তার আত্মীয়দের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের প্রতিনিধি আজিজুর রহমান রনি ও দৈনিক কালবেলার প্রতিনিধি মেহেদী হাসানসহ কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
সহিংসতার পর নিরাপত্তা জোরদার
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা ভবনের ভেতরে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব ও কম্পিউটারের ধ্বংসাবশেষ পড়ে আছে। এছাড়া কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, গ্রামীণ ব্যাংকের শাখা ও কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশের তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডে জড়িত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।