মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টা ২৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে এক স্কুলশিক্ষককে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকা থেকে অপহৃত শিক্ষক স্বরূপ কান্তি দাশকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. রফিক উদ্দিন (৫৩) এবং নেজাম উদ্দিন (৪৮)। পুলিশ জানায়, স্বরূপ কান্তি দাশ পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে পদুয়া বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে অস্ত্রের মুখে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা শিক্ষকের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় এবং ফোনে মারধরের শব্দ শুনিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরবর্তীতে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে অপহরণকারীদের কথামতো শিক্ষকের স্ত্রীকে সাতকানিয়ার কেরানীরহাট এলাকায় যেতে বলা হয়।
ঘটনার পর লোহাগাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষকের অবস্থান শনাক্ত করে। এরপর কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, তাঁরা আগে ওই শিক্ষকের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তাঁরা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে শিক্ষককে অপহরণ করেন।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষককে উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ও ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।