জেলা প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর), রাত ৯টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার না পেয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) দুপুরে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে সার বিতরণকালে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। লাঞ্ছিত ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে সার বিতরণ শুরু হয়। তবে কৃষকদের চাহিদার তুলনায় সারের মজুত ছিল কম। সার শেষ হয়ে যাওয়ায় অনেক কৃষক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে চড় মারেন।
ঘটনার খবর পেয়ে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটানোর চেষ্টা করছি। বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে বিষয়টি সার ও বীজ কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে তা কৃষকদের মধ্যে বণ্টন করা হবে।”
তিনি আরও বলেন, “কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালককে অবহিত করা হয়েছে।”