নজরুল ইসলাম, যশোর
সোমবার (৯ নভেম্বর ২০২৬), বিকেল ৩টা ৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, “দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। রোববার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে, বিষয়টি জানিয়ে তারা আমাদের চিঠি দিয়েছেন।”
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, সোমবার সরকারি ছুটি থাকায় বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটি পালন করছেন। মঙ্গলবার সকাল থেকে পুনরায় পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার এবং বন্দরের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক খালাসের পর সেগুলো ফেরত যাওয়ার জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ বেনাপোল বন্দর দিয়ে আসে। প্রতিদিন ভারতীয় পণ্য নিয়ে ৩০০ থেকে ৩৫০টি ট্রাক বন্দরে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য ভারতে যায়। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী পারাপার থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আয় করে।