নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬:৩৩
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার অভাবে সাভার, আশুলিয়া ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এর আগে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সদস্যদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।”
কারখানা বন্ধের প্রেক্ষাপট
বিজিএমইএ সভাপতি জানান, অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও গত ১২ থেকে ১৪ দিন কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে এবং আরও ৯২টি কারখানা উৎপাদন চালাতে ব্যর্থ হয়েছে।
মাহমুদ হাসান খান বাবু বলেন, “বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে ১৪৭টি কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “পোশাক খাতের উদ্যোক্তারা আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ভূমিকা পালন করবে। সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”