নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা ৩৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শেখহাটি এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জুয়েলের বাবা কাজী আলমগীরকে আটক করা হয়েছে এবং জুয়েলকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার শেখহাটি পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে রান্নাঘরের চালের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি রয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যান।
আটক কাজী আলমগীরকে যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, পলাতক জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে।
অভিযানে ডিবির এসআই মো. কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।