নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৫
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুটি শর্ত দিয়েছে ভারত সরকার। শুক্রবার ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় দিল্লি। তবে এর জন্য হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং তার আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর মধ্যে দেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে হাসিনা রয়টার্সকে জানান, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। মূলত দিল্লি ও হাসিনার সম্মতিক্রমেই এই ঘোষণার বিষয়টি সামনে এসেছে বলে ভারতীয় পর্যবেক্ষকদের ধারণা।
দিল্লিতে হাসিনার উপস্থিতি ভারতের জন্য ক্রমশ বিব্রতকর হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ভারত তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন ভারত মনে করছে, হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই বাস্তবসম্মত সমাধান।
ভারতের কর্মকর্তারা জানান, হাসিনার ফেরার ক্ষেত্রে তাদের প্রধান শর্ত দুটি। প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া তার নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমরা কখনোই জেনেবুঝে হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না।”
ভারত ও বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। দিল্লি চায়, হাসিনা দেশে ফিরলে তার সুরক্ষার ভার সেনাবাহিনী গ্রহণ করুক। তবে ভারতীয় কর্মকর্তাদের মতে, মুখে ফেরত চাওয়ার কথা বললেও বর্তমান সরকার বাস্তবে হাসিনাকে দেশে ফেরাতে আগ্রহী নয়। ফলে নাটকীয় কোনো পরিবর্তন না হলে ডিসেম্বরে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। সূত্র-বিবিসি