দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
অদম্য মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন যশোরের বাঘারপাড়ার মেধাবী শিক্ষার্থী মীম খাতুন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বিভাগে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
মীম খাতুন বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের চেচুয়াখোলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মাসুদ হোসেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এবং মা শুকরিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন মীম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে বৃত্তি অর্জন এবং জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে তাঁর সাফল্যের যাত্রা শুরু। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে নিজের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তিনি। প্রাথমিক থেকে উচ্চশিক্ষার পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন তাঁর শিক্ষাজীবনের অন্যতম উল্লেখযোগ্য কৃতিত্ব।
এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, আত্মত্যাগ ও অধ্যবসায়। পড়াশোনার প্রতি গভীর মনোযোগ, লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয় এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার মানসিকতাই তাঁকে এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।
শুধু পরীক্ষার ফলাফলে নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমেও নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন মীম। তিনি Teaching Assistant (TA) এবং Research Assistant (RA) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মাধ্যমে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি নিজের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছেন।
গত ১১ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের Life Science School আয়োজিত ‘Dean’s Award & Academic Excellence Award 2025’ অনুষ্ঠানে মীমের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁর দীর্ঘদিনের একাডেমিক সাফল্য ও ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করা হয়।
মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা মাসুদ হোসেন বলেন, ‘মেয়ের এই সাফল্য আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ছোটবেলার শিক্ষাজীবন থেকে আজকের এই সম্মানজনক অবস্থানে পৌঁছানোর প্রতিটি স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। বাবা-মায়ের কাছে সন্তানের সাফল্যের চেয়ে আনন্দের আর কী হতে পারে! আজকের এই অর্জন শুধু আমাদের পরিবারের গর্ব নয়, বাঘারপাড়া তথা যশোরবাসীর জন্যও আনন্দ ও অনুপ্রেরণার বিষয়।’
তিনি মেয়ের শিক্ষাজীবনে বিভিন্ন সময়ে স্নেহ, ভালোবাসা, দিকনির্দেশনা ও সহযোগিতা করা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভাগীয় প্রধান, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মা শুকরিয়া খাতুন বলেন, ‘মেয়ের এই সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি রয়েছে পরিবারের ভালোবাসা, ত্যাগ, দোয়া ও অনুপ্রেরণা। কঠিন সময়ে তার পাশে থাকার চেষ্টা করেছি, সাহস জুগিয়েছি এবং এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছি। বাবা-মা হিসেবে আমাদের একটাই চাওয়া—সে যেন একজন সৎ, আদর্শবান, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।’
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীম খাতুন জানান, এ অর্জন তাঁকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশ, সমাজ এবং মানবতার কল্যাণে কাজে লাগাতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মীমের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বাঘারপাড়ার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।