উপজেলা সংবাদদাতা
শুক্রবার (১৩ নভেম্বর), রাত ৯টা ০৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশালের বানারীপাড়া পৌর শহরের মোল্লাবাড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে এ হামলার পর বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশির বাবু বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও স্থানীয় ব্যান্ড দলের ড্রামার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে শিশির বাবুর সঙ্গে তার বড় ভাই ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুল মোল্লা শিশির বাবুর ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এতে শিশির বাবুর বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে।
নিহতের স্ত্রী লিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে বেধড়ক মারধর করেন বিপুল। তিনি বলেন, ‘শিশির বাবু মাটিতে পড়ে যাওয়ার পর তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাধা দেন তিনি।’ শিশির বাবুকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রেক্ষাপট
সম্প্রতি পারিবারিক বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে ৩২ শতক জমি মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারকে লিখে দেওয়া হয়। ওই জমি ভোগদখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে মারামারি ও একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’