নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি)-এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করছে।’
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সাহায্য করছে।
আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে ১০০ জনের বেশি গবেষক ও সহকর্মীর একটি নেটওয়ার্কে পরিণত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।