নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর), বিকেল ৩টা ২৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের পাঁচটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হতে যাচ্ছে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় অবস্থিত এই হাসপাতালগুলো উদ্বোধনের মাধ্যমে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
দীর্ঘদিন নির্মাণকাজ শেষ হওয়ার পরও জনবল ও যন্ত্রপাতির অভাবে হাসপাতালগুলো অব্যবহৃত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে একযোগে এই পাঁচটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসব হাসপাতাল চালু হলে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ৪৪০টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার। এর মধ্যে উপপরিচালক ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি, আবাসিক চিকিৎসক ১০টি, আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি এবং মেডিকেল অফিসার ৩২৫টি পদ রয়েছে। এছাড়া সহকারী ডেন্টাল সার্জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেস্থেসিওলজিস্টের জন্য প্রয়োজনীয় পদ রাখা হয়েছে।
উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম কেনার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন শেষে হাসপাতালগুলো চালুর তোড়জোড় শুরু করেন।