জেলা প্রতিনিধি
শনিবার (১৪ নভেম্বর), ২০২৬ | সকাল ১১টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ওসিকে দেওয়া হুমকির দুই মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া অডিও ক্লিপে রুকুকে ওসিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ কথোপকথনের শুরুতে ওসি আতিকুর রহমান নিজের পরিচয় দিলে রুকু তাকে মোহনপুর এলাকায় ‘অতিথি’ হিসেবে সম্বোধন করেন এবং কোনো নেতাকর্মীকে হয়রানি না করার জন্য সতর্ক করেন।
রুকু বলেন, ‘আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি- আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন।’
কথোপকথনের এক পর্যায়ে রুকু বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, পুলিশ শেখ হাসিনার আমলে যতটা নিরাপদে ছিল, এখন ততটা নিরাপত্তা পাচ্ছে না। তিনি ওসিকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’
এ বিষয়ে জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
পুলিশের বক্তব্য
বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি আমরা জানি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন দিয়ে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে আছেন, তিনি ফিরলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’