মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৫টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ করেছে রুসা বাংলাদেশ। রবিবার বিরিশিরিতে রুসা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় আড়াইশ কৃষকের হাতে ছয়শত কেজি বিনা ধান-৫ তুলে দেওয়া হয়। কৃষি ফলন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ। রুসা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশ নেন।
রুসা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এম এন আলম বলেন, “স্থানীয় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কৃষকদের উচ্চফলনশীল বিনা ধান প্রদান করা হয়েছে। যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “শুধু বীজ বিতরণেই সীমাবদ্ধ নয় রুসা বাংলাদেশ, আমরা প্রতিটি নিবন্ধিত কৃষককে ধান কাটা পর্যন্ত নিয়মিত মনিটরিং করবো। কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে যেন সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারেন, এটি আমরা নিশ্চিত করবো।”
এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি ফলন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধিত কৃষকদের ধান চাষের প্রতিটি ধাপে কারিগরি সহায়তা প্রদান অব্যাহত থাকবে।