নিউজ ডেস্ক
শনিবার (২১ নভেম্বর), ২০২৬ | রাত ৮:২৪
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। শনিবার সকালে বাক্সগুলো খোলার পর ৫১ বস্তা টাকা ছাড়াও পাওয়া গেছে এক বস্তা চিঠি, চিরকুট ও স্বর্ণালংকার। এসব চিরকুটে বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ, প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আকুতিসহ নানা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কথা উঠে এসেছে।
সকাল সাড়ে ৭টা থেকে টাকা গণনার কাজ শুরু হয়েছে। গণনা শেষ হতে রাত ১০টা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চিঠি ও স্বর্ণালংকার আলাদা করার পর বিপুল পরিমাণ টাকা গণনার কাজ চলছে।
দানবাক্সে পাওয়া চিঠিগুলোর মধ্যে একটিতে এক ব্যক্তি ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার বেদনা তুলে ধরেছেন। তিনি প্রতারকদের বিচার চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। অন্য একটি চিরকুটে স্বর্ণা নামের এক প্রিয়জনকে উদ্দেশ্য করে এক প্রেমিক লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিরকুটের শেষে তিনি স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানান।
আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।
এ ছাড়া চিকন ও সুন্দরী হওয়া, রোগ থেকে মুক্তি এবং পছন্দের ব্যক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার মতো নানা চাওয়া-পাওয়ার কথাও উঠে এসেছে বিভিন্ন চিরকুটে। এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি ও চিরকুট পাওয়ার বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, অল্প সময়ে দানবাক্স ভরে যাওয়ার কারণে এবার দুটি বাড়িয়ে মোট ১৫টি বাক্স স্থাপন করা হয়েছে। তবে চিঠিপত্রের কারণে দানবাক্সে জায়গার সংকট হয়।
তিনি আরও বলেন, ‘এসব বিব্রতকর চিঠি কাউকে দানবাক্সে না দিতে প্রতিবারই অনুরোধ করা হয়। এসব অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি সংশ্লিষ্টদের সময়ও নষ্ট হয়।’