নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পুণ্যার্থীদের নিয়ে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ৭টি ট্রলার। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রীকৃষ্ণের রাসলীলা ও দিব্য প্রেমের স্মরণে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা পালন করা হয়। পঞ্জিকা অনুযায়ী রাস পূর্ণিমা, এ বছর অর্থাৎ ২০২৬ সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে দিনটি ৭ অগ্রহায়ণ, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে। আর তিথি শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। তাই মঙ্গলবার দিনটিই রাস পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, এবারের রাস পূজায় অংশ নিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু যাত্রা করেছেন। এছাড়া কোবাদক ফরেস্ট স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও ৩ জন ক্রুসহ মোট ২২৪ জন যাত্রা করেছেন।
তিনি আরও জানান, যাত্রার আগে বনবিভাগের পক্ষ থেকে ট্রলারগুলোতে প্রয়োজনীয় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর এ উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী দুবলার চরে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে উদ্যাপিত হয় এই উৎসব।
তিনি বলেন, পুণ্যার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে বনবিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুণ্যার্থী বহনকারী ট্রলারগুলো ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনবিভাগের টহল সদস্যরা দায়িত্ব পালন করবেন।