মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬, দুপুর ৩টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদ কাঁচা বাজারে অটোরিকশার যত্রতত্র অবস্থান ও যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও পথচারীরা। প্রতিদিন সকালের ব্যস্ত সময়ে বাজারের প্রবেশপথ ও মহাসড়কের পাশে যানবাহনের জটলা তৈরি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
আমিরাবাদ কাঁচা বাজার লোহাগাড়ার অন্যতম ব্যস্ততম স্থান। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় একাধিক সারিতে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় সড়কের উল্লেখযোগ্য অংশ সংকুচিত হয়ে পড়ে।
একই মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত দ্রুতগতির দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করে। ফলে ক্রেতা ও পথচারীদের রাস্তা পারাপার ও নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, বাজারসংলগ্ন এলাকায় দূরপাল্লার বাসের পাশাপাশি অটোরিকশার দীর্ঘ সারি, যা যানবাহন চলাচলের জায়গা সীমিত করে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের অভিযোগ, প্রধান সড়কে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ থাকলেও বাজার এলাকায় নিয়মিত জটলা তৈরি হচ্ছে। এসব যানবাহনের জন্য নির্ধারিত কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিনই জনদুর্ভোগ বাড়ছে।
সম্ভাব্য সড়ক দুর্ঘটনা এড়াতে ও বাজারে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাঁরা বাজারের পাশে অটোরিকশার নির্ধারিত পার্কিং ব্যবস্থা ও সড়কের প্রান্ত দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।