জেলা প্রতিনিধি
রবিবার (১৫ নভেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মুখে গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় ৭০টিরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। রবিবার সকাল থেকে শ্রমিকরা গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিল্পাঞ্চল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এডিশনাল এসপি মো. আমজাদ হোসেন জানান, রবিবার সকাল নয়টার দিকে শ্রমিকরা গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মো. আমজাদ হোসেন বলেন, “শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসার পর সকালে ১৬টি কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।”
এদিকে সাভার ও আশুলিয়া এলাকায় রবিবার শ্রমিক অসন্তোষের খবর পাওয়া না গেলেও মালিকপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে। আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোমিনুল ইসলাম জানান, বিভিন্ন কারণে মালিকরাই অর্ধ-শতাধিক কারখানা বন্ধ রেখেছেন। এছাড়া শ্রমিকরা কাজ না করায় দুপুরের পর আরও পাঁচ-ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।