প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬, বেলা ১১টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক বাবা ও তার ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল এবং হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন মিরান ফকির। তিনি জানান, প্রায় পাঁচ থেকে সাত মাস আগে ভয়ভীতি দেখিয়ে তাদের বিএনপিতে যুক্ত করা হয়েছিল। যদিও তাদের কোনো সাংগঠনিক পদ ছিল না, কেবল সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির বলেন, “বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমাদের মতের মিল নেই। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর ও বিশৃঙ্খল কর্মকাণ্ড আমাদের পছন্দ নয়।”
তিনি আরও বলেন, “শনিবার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন? শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় এই স্লোগানকে কেন্দ্র করে মারধর করা হলে এমন রাজনীতি আমরা চাই না।”
মিরান ফকির জানান, নিজেদের ইচ্ছায় তারা বিএনপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও দলটির সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের করা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের মন্তব্য জানা সম্ভব হয়নি।