নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৭ নভেম্বর), রাত ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে দলবদ্ধভাবে নেতা-কর্মীরা থানার দিকে এগিয়ে যান।
পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানায় প্রবেশ করেন এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের ছাড়িয়ে নিয়ে যান।
এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে হতাহতের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।