নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৭ নভেম্বর), রাত ৮টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার আটপাড়া উপজেলার কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগে স্থানীয় দুই বিএনপি নেতাকে শোকজ করেছে উপজেলা বিএনপি। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক নিবেদিতা দেব অভিযোগ করেন, সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকার পরও হামলাকারীরা তাকে ও তার অনাগত সন্তানকে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে জানান।
নিবেদিতা দেব বলেন, “আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমাকে পোড়াবে, আমার পেটের সন্তান পোড়াবে—এটি কি মেনে নেওয়া যায়? আমি অন্তঃসত্ত্বা বলার পরেও তারা আমাকে রেহাই দেয়নি। সহকর্মী ও উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করেছেন।”
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযোগ যেহেতু এসেছে, তাই আমরা দুই নেতাকে শোকজ করেছি। জবাব পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন হামলার কথা অস্বীকার করে দাবি করেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগের লোকজনের সঙ্গে বৈঠক করছিলেন বলে তারা সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, “আমরা শুধু তাকে আওয়ামী লীগের সঙ্গে মিটিং না করতে বলেছি। কোনো মারধরের ঘটনা ঘটেনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল কবীর জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সূত্র-বিবিসি