ময়মনসিংহ ফুলপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফুলপুরে শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল একটি শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া ও তার ভাই আব্দুল লতিফ তরফদারের ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ছবি প্রকাশের ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ।শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক আব্দুল লতিফ তরফদারের দাবি,তাঁর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে।
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে যান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধ, শিক্ষা অফিসার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আশ্বাস দেন।