নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বৃদ্ধি পায়।
সোমবার সকালের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৫ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৮.৬৫ ডলারে পৌঁছেছে। এর আগে এশীয় বাজারে ব্রেন্টের দাম ১ শতাংশ পর্যন্ত কমেছিল।
বিএমআই-এর বিশ্লেষকরা এক ক্লায়েন্ট নোটে জানান, ওপেন প্লাস দেশগুলোর তেল রপ্তানি প্রবাহের পুনরুদ্ধার প্রক্রিয়া এখনো নাজুক অবস্থায় রয়েছে। আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা যেকোনো নতুন বিঘ্ন ঘটার ঝুঁকিতে আছে। যতদিন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা না হচ্ছে, ততদিন ভূরাজনৈতিক ঝুঁকি এবং উৎপাদন ও রপ্তানির ওপর ভৌত বাধাই তেলের বাজার নিয়ন্ত্রণ করবে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “জাহাজ ভাড়া বেশি থাকায় তেলের দাম অতিরিক্ত কমে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং এই উচ্চ ভাড়ার কারণেই তেলের দাম একটি নির্দিষ্ট সীমার ওপরে টিকে রয়েছে।”