নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬), সকাল ৯টা ৪৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানান।
মজুরি বোর্ডের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কার্যকরের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। তবে নতুন মজুরি কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তী সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, “নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে শ্রমিকদের তা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে আমাদের ঐকমত্য হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য নেই।”
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে ঐকমত্যের কথা জানান।
মজুরি নির্ধারণ প্রক্রিয়া
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সাধারণত শিল্প খাতের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ছয় মাসের সময়সীমা থাকে। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে বোর্ড গঠন করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে সুপারিশ প্রণয়ন ও তা জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় শ্রমিক প্রতিনিধিরা মজুরি ছাড়াও শ্রম আইন বাস্তবায়ন, ট্রেড ইউনিয়নের অধিকার এবং ছুটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ ও গ্রেপ্তারকৃতদের মুক্তির আহ্বান জানান শ্রমিক নেতা বাবুল আখতার।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের বোর্ড গঠন করে সরকার। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার এই উদ্যোগ নেয়।