জেলা প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চৌমুহনী বাজারে মিছিল শেষে ব্যাংকটির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পৌঁছান এবং প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায় এবং অফিসের দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। মিছিলটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে গিয়ে প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।”