নিউজ ডেস্ক
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি বাইরের উস্কানিতে অস্থিরতা বাড়ছে বলে অভিযোগ করছেন মালিকপক্ষ, যার ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা।
আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার কোম্পানি সেক্রেটারি রওশন আলী খোন্দকার লিটন জানান, কারখানা বন্ধ থাকায় তাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, “পনের দিন কারখানা বন্ধ থাকায় চার লাখ পিস প্যান্ট উৎপাদন হয়নি, এতে আমাদের বিশ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন, কারণ অনেক বিদেশি ক্রেতা সময়মতো পণ্য না পেয়ে অর্ডার বাতিল করছেন বা ডিসকাউন্ট দাবি করছেন।”
তৈরি পোশাক প্রস্তুতকারক একটি গ্রুপের শীর্ষ কর্মকর্তা জানান, তাদের কারখানায় অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের লোকজনের হামলার ভয়ে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, কারখানা চালু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো প্রকাশ না হওয়ায় শ্রমিকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মজুরি নির্ধারণে বিলম্বের অভিযোগ নাকচ করে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “আমাদের প্রস্তাব প্রস্তুত আছে। বৈঠক স্থগিত না হলে আমরা আগেই তা দিতে পারতাম। আগামী সপ্তাহের বৈঠকে প্রস্তাব দেওয়া হবে।”
শ্রমিকদের মজুরি দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে ফজলে শামীম এহসান আরও বলেন, “অযৌক্তিক প্রস্তাব সাধারণ শ্রমিকদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করে, যা পূরণ না হলে নতুন করে অসন্তোষের ঝুঁকি থাকে।”
অর্থনীতিবিদ ও নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “মজুরি নির্ধারণ প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। একটি যৌক্তিক প্রস্তাব এলে আন্দোলনের ভিত্তি দুর্বল হয়ে যাবে। কিন্তু প্রক্রিয়াটি প্রলম্বিত করলে সমস্যা আরও জটিল হতে পারে।”
এদিকে, চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক ইন্ধনকে দায়ী করেছে সরকার। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, “শ্রমিক নামধারী কিছু ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগ এই অসন্তোষকে জিইয়ে রাখতে চায়।”
মজুরি বোর্ড ও মালিকপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে পোশাক খাতের ভবিষ্যৎ পরিস্থিতি। তবে কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ও ব্যবসা হারানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।