নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার (২৪ নভেম্বর), দুপুর ২টা ২৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মজুরি নির্ধারণ নিয়ে অনিশ্চয়তার কারণে শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় মঙ্গলবার সকাল থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, কারখানা বন্ধের পাশাপাশি মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া আরও নয়টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কারখানার ভেতরে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সভাটি মুলতবি হওয়ায় শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা প্রয়োজন।
পোশাক কারখানার একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। এই পরিস্থিতিতে নিম্নতম মজুরি প্রায় দ্বিগুণ করা হলে অনেক কারখানার পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি এবং অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।